রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) প্রকল্পের এপ্রিল-২০২৬ মাসের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্ত উপকারভোগী দুস্থ ও অসহায় নারীদের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ছাদেকুল ইসলাম। বিতরণকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান এবং দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
বিতরণকালে ইউপি চেয়ারম্যান জনাব ছাদেকুল ইসলাম বলেন, "বর্তমান সরকার গ্রামীণ অসহায় ও দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক তদারকির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।"
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের বরাদ্দ অনুযায়ী প্রতিটি কার্ডধারী নারীকে ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল প্রদান করা হয়েছে। চাল পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেছেন। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।