শিশুদের প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে সুরক্ষায় যশোরের মণিরামপুরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, “শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য রোগমুক্ত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। একটি সুস্থ ও সবল জাতি গঠনে কার্যকর টিকাদান কর্মসূচির বিকল্প নেই।” তিনি আরও বলেন, “মণিরামপুরের কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। দুর্গম এলাকা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের বিশেষভাবে অগ্রাধিকার দিতে হবে।”তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রতি শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান, এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার নির্ধারিত টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট বয়সসীমার শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের মাঝে টিকা প্রয়োগ কার্যক্রম প্রত্যক্ষ করেন। ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।