সোমবার, ২০ এপ্রিল ২০২৬
পাবনায় বিদেশী অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

পাবনায় বিদেশী অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 


সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।


সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক রয়েছে। 


এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন