সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসায় প্রবেশপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সোমবার (২০ এপ্রিল) মাদ্রাসায় গিয়ে এ চিত্র দেখা যায়। এ সময় ভুক্তভোগী পরীক্ষার্থী লিখন, নাঈম, সিয়াম, সানজিদা জানায়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র পেতে তাদের প্রত্যেকের কাছ থেকে ৪৫০ টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া এর আগে নির্বাচনী পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে প্রতি বিষয়ে ৩০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

এদিকে ফয়জাল হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাম নবী নামে কয়েকজন অভিভাবক জানান, এর আগে দাখিল পরীক্ষার ফরম ফিলাপের সময় বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৯৫০ টাকা হলেও ৪ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এখন যদি আবার ফরম ফিলাপের জন্য নেয়, তাহলে আগে নির্ধারিত ফির বাইরে এত টাকা কেন নেয়া হলো। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার আফতাব উদ্দিন বলেন, ফরম ফিলাপের সময় শিক্ষার্থীরা কেন্দ্র ফি পরে দেওয়ার কথা জানিয়েছিল। সে অনুযায়ী নির্ধারিত ফি নিয়েই ফরম ফিলাপ সম্পন্ন করা হয়েছে। মাদ্রাসা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাধারণ বিভাগের জন্য ৪০০ এবং বিজ্ঞান বিভাগের জন্য ৪৫০ টাকা কেন্দ্র ফি নেওয়ার নিয়ম রয়েছে।

তবে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে পরিস্কার করে কিছু বলেননি তিনি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, ফরম ফিলাপের সময় কেন্দ্র ফি সহ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। বোর্ডের অংশ বোর্ডে জমা দিয়ে বাকি টাকা প্রতিষ্ঠান তহবিলে রাখা হয় এবং পরে কেন্দ্রে জমা দেওয়া হয়। তবে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি আরও বলেন, যদি রশিদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে তা ফেরত দিতে হবে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।এ ঘটনা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন