বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মণিরামপুরে ফেসবুক ফেক আইডির দৌরাত্ম্য: জিডির পরও মিলছে না প্রতিকার

মণিরামপুরে ফেসবুক ফেক আইডির দৌরাত্ম্য: জিডির পরও মিলছে না প্রতিকার

সাব্বির হাসান

যশোরের মণিরামপুর উপজেলায় ফেসবুকভিত্তিক ফেক আইডির ভয়াবহ দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে একটি চক্র জনমনে আতঙ্ক, বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি করছে, যা দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে।

‎‎সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, স্থানীয় বিভিন্ন ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে কিংবা সম্পূর্ণ মিথ্যা তথ্য জুড়ে দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব অপপ্রচার মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ছে, আর নিরীহ মানুষ হচ্ছেন অপপ্রচারের নির্মম শিকার। ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি সামাজিক সংগঠনগুলোর সম্মানহানি ঘটছে প্রকাশ্যে। স্থানীয় সচেতন মহলের মতে, এটি নিছক গুজব নয়-এটি সুপরিকল্পিত সাইবার সন্ত্রাস। ফেক আইডির আড়ালে লুকিয়ে থাকা একটি অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

‎‎ভুক্তভোগীরা জানান, মিথ্যা সংবাদ ও অপপ্রচারের কারণে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত সুনাম। অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই না করেই এসব পোস্ট শেয়ার করায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এদিকে ভুক্তভোগীদের পক্ষ থেকে মণিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে করে সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভ আরও বাড়ছে।

‎‎স্থানীয়দের দাবি, শুধু জিডি করেই দায়িত্ব শেষ করলে চলবে না-ফেক আইডির আড়ালে থাকা প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই অপতৎপরতা আরও ভয়াবহ রূপ নেবে। সচেতন মহলের মতে, সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা সংবাদ ছড়ানোদের বিরুদ্ধে নজরদারি জোরদার করারও দাবি জানিয়েছেন তারা।

‎‎মণিরামপুর এখন এক নীরব সাইবার আক্রমণের মুখে দাঁড়িয়ে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মিথ্যার আগ্রাসনে সত্য চাপা পড়ে যাবে-এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন