বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বহিরাগতদের হামলায় আহত ইবি শিক্ষার্থী: নিন্দা শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার

বহিরাগতদের হামলায় আহত ইবি শিক্ষার্থী: নিন্দা শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার

মো. মিনহাজুর রহমান মাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরুণ বিশ্বাসের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়া।

বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির প্রচার সম্পাদক মো. আসাদুল্লাহ আল গালীব প্রেরিত এক বিবৃতিতে সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামিম-এর যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর ওপর এ ধরনের বর্বরোচিত ও অমানবিক আক্রমণ কোনোভাবেই সহ্য করা যায় না। এই ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলার জন্য এক চরম হুমকি এবং সাধারণ শিক্ষার্থীর মনে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চরম অবহেলা এই ঘটনার মধ্য দিয়ে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাঁরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও শঙ্কামুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

নেতৃবৃন্দ জানান, কোনো শিক্ষার্থীর ওপর এমন হামলা বা সন্ত্রাসী কার্যকলাপ কখনোই মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীর অধিকার রক্ষা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া সব সময় আপসহীন ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, গতকাল বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর (মফিজ লেক) এলাকায় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেন ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুণ বিশ্বাস, জাহিন আফিফা এবং জাবি চারুকলা থেকে বেড়াতে আসা শিক্ষার্থী লিখন। পরে ওই যুগলের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিচয় জানতে চাইলে তারা স্থানীয় কয়েকজনকে ফোন করে ডেকে আনে। মুহূর্তেই ৫-৬টি মোটরসাইকেলে কয়েকজন স্থানীয় যুবক ও আরেক জোড়া যুগল সেখানে জড়ো হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসের সিকিউরিটি সেলের আরশাদ বহিরাগতদের লাঠি দিয়ে কয়েকজনকে মারধর করেন এবং দ্রুত ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। এই ঘটনার জের ধরেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন