আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষদের হাতে এই ঈদ উপহার তুলে দেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এবারের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ মহিলাদের মাঝে শাড়ি ও থ্রিপিস, পুরুষদের জন্য হাজী রুমাল এবং এর পাশাপাশি প্রত্যেককে নগদ অর্থ প্রদান করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষদের হাতে এসব ঈদ সামগ্রী ও মানবিক সহায়তা তুলে দেন।
ঈদ উপহার বিতরণকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের সাধারণ ও অসহায় মানুষের কথা চিন্তা করেন। ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া অসহায় পরিবারগুলো সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্যই সরকারের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস।"
উপহার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, ঈদের ঠিক আগমুহূর্তে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর হাত থেকে শাড়ি, থ্রিপিস ও নগদ অর্থ পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার সাধারণ ও দুস্থ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।