জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের হিলি বাইপাস রোডে অবস্থিত 'ড্রিমস ওয়াটার পার্ক' ও 'ড্রিম কিচেন হোটেল'-এ ব্যবসার আড়ালে চরম অপসংস্কৃতি, সুইমিংপুলে অশ্লীল কার্যকলাপ এবং উচ্চস্বরে গান-বাজনার গুরুতর অভিযোগ উঠেছে।
ঐতিহ্যবাহী এই এলাকার এমন কর্মকাণ্ডে স্থানীয় আলেম-ওলামাসহ সর্বস্তরের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই অপসংস্কৃতির আখড়া বন্ধের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সারা বাংলাদেশের মধ্যে বিরল এক দৃষ্টান্ত জয়পুরহাটের এই ৭নং বম্বু ইউনিয়ন, যেখানে একটি মাত্র ইউনিয়নেই তিনটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা রয়েছে। স্থানীয়রা জানান, যে স্থানে এই 'ড্রিমস ওয়াটার পার্ক' ও 'ড্রিম কিচেন হোটেল' গড়ে তোলা হয়েছে, তার খুব কাছাকাছি দুটি কামিল মাদ্রাসা অবস্থিত।
পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত এমন একটি এলাকায় সুইমিংপুলে বেহায়াপনা ও উচ্চ শব্দে ডিজে বা গান-বাজনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ধর্মপ্রাণ মুসল্লি ও সচেতন নাগরিকরা।
স্থানীয় বাসিন্দা ও আলেম সমাজ অভিযোগ করে বলেন, "ব্যবসার নামে এখানে যা শুরু হয়েছে, তা সম্পূর্ণ আমাদের দেশীয় ও ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী।
উচ্চস্বরে গান-বাজনা এবং সুইমিংপুলে অশ্লীল কার্যকলাপ এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।" এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও প্রতিষ্ঠানটির মালিক কর্ণপাত করছেন না বলে অভিযোগ তাদের।
স্থানীয় এক সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মী জানান, উদ্ভূত পরিস্থিতি ও এলাকাবাসীর ক্ষোভের বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে ওই প্রতিষ্ঠানের মালিকের সাথে কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু মালিক বিষয়টি সমাধানের উদ্যোগ না নিয়ে বারবারই সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।
ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "উক্ত প্রতিষ্ঠানের মালিক যদি দ্রুত সময়ের মধ্যে এই অপসংস্কৃতি ও অপকালচারযুক্ত ব্যবসার বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করেন, তবে এলাকার আলেম-ওলামা ও সাধারণ মানুষ নিজেদের মতো করে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবেন। তখন পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার প্রশাসন ও মালিককেই নিতে হবে।"
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।