মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঈদের ছুটিতে এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের গাছ চুরি করে নিয়েগেছে দুর্বৃত্তরা

ঈদের ছুটিতে এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের গাছ চুরি করে নিয়েগেছে দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি

ঈদুল ফিতরের ছুটির ফাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গাছ কাটা এবং সরকারি সম্পদ লুটের ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৯:৩০টায় বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাধারণ শিক্ষার্থীরা।মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা এবং সরকারি সম্পদ বিনষ্ট করা অত্যন্ত নিন্দনীয় ও দণ্ডনীয় অপরাধ। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিদ্যালয়ের গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে, যা শুধু প্রাকৃতিক ভারসাম্য নষ্টই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি।মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করেনঃ

বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদ লুটের সাথে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে।

বিদ্যালয় এলাকায় সকল প্রকার অবৈধ গাছ কাটা, দখল ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে।

সরকারি সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং অবহেলার প্রমাণ পেলে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় স্থায়ী পরিবেশ সুরক্ষা ও মনিটরিং কমিটি গঠন করতে হবে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত প্রশাসনিক তদারকি জোরদার করতে হবে।বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা (প্রহরী/সিসিটিভি ইত্যাদি) জোরদার করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকি কার্যক্রম চালু করতে হবে।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গাছ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণ পাশে থাকা একটি বড় গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার সুযোগে গত ১৯ মার্চ রাত আনুমানিক ৮টা থেকে ১০টার মধ্যে যেকোনো সময়ে গাছটি কেটে নিয়ে যাওয়া হয়।

ছুটি শেষে বিদ্যালয়ের অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী মতিউর রহমান বিষয়টি প্রথমে দেখতে পান। পরে তিনি প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানকে অবহিত করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক বাঞ্ছারামপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন