মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে লাইসেন্স ও কাগজপত্র ছাড়া মিলবে না তেল, প্রশাসনের কড়া নির্দেশ

জয়পুরহাটে লাইসেন্স ও কাগজপত্র ছাড়া মিলবে না তেল, প্রশাসনের কড়া নির্দেশ

মো: জান্নাতুন নাঈম

সড়ক দুর্ঘটনা রোধ, চালকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে জয়পুরহাটে এবার কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। 

এখন থেকে রেজিস্ট্রেশন সনদ, হেলমেট এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ কোনো ধরনের মোটরযানেই জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

​রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার পেট্রোল পাম্প মালিকদের নিয়ে এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জ্বালানি সরবরাহ এবং ট্রাফিক আইন মানতে বাধ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া এবং পুলিশ সুপার মিনা মাহমুদা।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, সদস্য রাফি চৌধুরী, মেহেদী হাসান প্রমুখ।

​সভায় প্রশাসন ও পাম্প মালিকদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, চালকদের নিজস্ব নিরাপত্তা এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্তের কোনো বিকল্প নেই। 

পাম্পগুলোতে 'নো হেলমেট, নো ফুয়েল' নীতি কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি এখন থেকে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সও পরীক্ষা করা হবে। নির্দেশ অমান্য করে কোনো পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ করলে তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

​উল্লেখ্য, সম্প্রতি হেলমেট ছাড়া পাম্পে গিয়ে জরিমানার মুখে পড়ার ঘটনার পর জেলা প্রশাসনের এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন