মণিরামপুরে নিষিদ্ধ অনলাইন ক্যাসিনোর ভয়াবহ বিস্তার
ছবিঃ সংগৃহীত
যশোরের মণিরামপুর উপজেলায় নিষিদ্ধ অনলাইন জুয়া ক্যাসিনো চক্রের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রকাশ্যে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, ফেসবুক, মেসেঞ্জার ও বিভিন্ন অ্যাপভিত্তিক গ্রুপে “সহজে টাকা জেতার” প্রলোভন দেখিয়ে কিশোর-তরুণদের টার্গেট করা হচ্ছে। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে এবং বহু পরিবার আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি প্রশাসনের অজানা নয়। বরং স্পষ্টভাবে নজরে আসার পরও কার্যকর অভিযান না থাকায় পরিস্থিতি দিন দিন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
এলাকাবাসীর সঙ্গে সরেজমিনে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত বিশেষ অভিযান না চালালে যুব সমাজ আরও গভীর সংকটে পড়ে যাবে।
বিশেষ করে নেহালপুর ইউনিয়নসহ উপজেলার শহর ও বিভিন্ন গ্রাম এলাকায় এ অনলাইন জুয়ার নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সচেতন মহল বলছে, এটি এখন আর সাধারণ অপরাধ নয়-বরং একটি “সাইলেন্ট সোশ্যাল ক্রাইসিস”, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে।তাদের দাবি, অবিলম্বে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান, অনলাইন নজরদারি জোরদার এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।স্থানীয়রা দ্রুত বিশেষ অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন