উপাচার্যের কাছে ইবি ছাত্রশিবিরের ৮ দফা দাবি

শিক্ষা
উপাচার্যের কাছে ইবি ছাত্রশিবিরের ৮ দফা দাবি
২১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

শিক্ষার্থীবান্ধব ৮ দফা দাবি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক আসিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শাখা ছাত্রশিবিরের উত্থাপিত দাবিগুলো হলো, পেমেন্ট সিস্টেম ডিজিটাল করা, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন এবং অনার্স-মাস্টার্স শেষে সংশ্লিষ্ট বিভাগে সার্টিফিকেট সরবরাহের ব্যবস্থা করা, সাজিদ হত্যা ঘটনার তদন্ত ও তার নামে একটি হল নামকরণ, শিক্ষিকা রুনা ম্যামের হত্যার বিচার এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সমস্যা সমাধান, কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক সংস্কার, মেডিকেল সেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি, শহীদ জিয়াউর রহমান হল মসজিদের সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) স্থাপন, নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে এক জায়গা থেকে সকল স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা চালু করা।

সাক্ষাৎ শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে তারা পূর্ব থেকেই কাজ করে আসছেন। পূর্বে উত্থাপিত দাবিগুলোর অগ্রগতি জানতে চাওয়ার পাশাপাশি নতুন করে কিছু দাবি উপস্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।