‘পাবলিকিয়ান ঐকতান’ অনুষ্ঠিত
রামগতি পাবলিকিয়ান পরিবার আয়োজিত গেট টুগেদার প্রোগ্রাম
রামগতি পাবলিকিয়ান পরিবার
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রামগতি পাবলিকিয়ান পরিবার’ কর্তৃক আয়োজিত গেট টুগেদার প্রোগ্রাম ‘পাবলিকিয়ান ঐকতান’ অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী রামগতি উপজেলার বিবিরহাট সংলগ্ন মেঘনার কোলঘেঁষা উঁছখালীতে এই গেট টুগেদার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সকালে নির্ধারিত সময়েই অংশগ্রহণকারীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল ফুটবল, হাঁড়িভাঙা ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনসহ নানা ধরনের আয়োজন, যা অংশগ্রহণকারীদের মাঝে উচ্ছ্বাস ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। এর পাশাপাশি মেঘনার তীরে নদীতে গোসল এবং প্রাকৃতিক পরিবেশে আড্ডা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পরে সবাই একসাথে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন, যা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সাংগঠনিক আলোচনা পর্ব। এতে রামগতির শিক্ষার্থীদের সমন্বয়ে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি রামগতির শিক্ষার্থীদের একত্রিত করা, নতুনদের সহযোগিতা প্রদান, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং নিজ নিজ এলাকার জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণের বিষয়ে কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
দিনব্যাপী আয়োজনের শেষে অংশগ্রহণকারীরা ফটোসেশন ও স্মৃতিচারণে অংশ নেন। পুরো প্রোগ্রামজুড়ে ছিল আন্তরিকতা, বন্ধুত্ব ও শেকড়ের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ। আয়োজকদের মতে, “পাবলিকিয়ান ঐকতান” শুধু একটি মিলনমেলা নয়, বরং রামগতির শিক্ষার্থীদের সম্মিলিত শক্তিকে একত্রিত করে ভবিষ্যতের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম তৈরির সূচনা।
এই সফল আয়োজনের মাধ্যমে রামগতির পাবলিকিয়ানদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন