হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
রবিবার (২২ মার্চ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
আইআরজিসি আরও জানায়, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে এমন কোম্পানিগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে। একইসঙ্গে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের জ্বালানি স্থাপনাকেও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা যুদ্ধ শুরু করিনি এবং এখনো করতে চাই না। কিন্তু শত্রুপক্ষ যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানে, তাহলে আমরা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা নেব।’
এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করছে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আপনার মতামত লিখুন