উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের
উপকূল ও দ্বীপে হামলা হলে পুরো পারস্য উপসাগরে নৌপথে মাইন বসানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এমন কোনো হামলার চেষ্টা হলে উপসাগরের সব প্রবেশপথ কার্যত অচল করে দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, উপকূলে আক্রমণ হলে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাইন—এমনকি ভাসমান মাইনও স্থাপন করা হবে, যা উপসাগরের নৌ চলাচলকে দীর্ঘ সময়ের জন্য ঝুঁকির মুখে ফেলবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে পুরো পারস্য উপসাগর কার্যত হরমুজ প্রণালির মতো মতো হয়ে যাবে, যেখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়বে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বিপ ঘিরে অবরোধ বা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এর মাধ্যমে তেহরানকে হরমুজ প্রণালি সব দেশের জন্য খুলে দিতে চাপ সৃষ্টি করা হতে পারে।
ইরান সতর্ক করে বলছে, অতীতে ১৯৮০-এর দশকে অল্প কয়েকটি মাইন সরাতেই শতাধিক মাইনসুইপার ব্যর্থ হয়েছিল—সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান হুমকির গুরুত্ব বোঝা উচিত।
তারা আরও জানায়, যারা যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোকেও হরমুজ প্রণালি ব্যবহার করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।
আপনার মতামত লিখুন