বাড়ি ফেরার পথে বাহুবলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ শেওড়াতুলী এলাকায় আখঞ্জী পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জ উপজেলার মোতালিব মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
ঘটনার কিছুক্ষণ আগেই তিনি শশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তানকে মিরপুর থেকে সিএনজিযোগে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে মোটরসাইকেলে করে বাড়িতে রওনা দেন।
শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ শেওড়াতুলী এলাকায় আখঞ্জী পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ইটের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটির সামনে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যায়।এ সময় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মোতালিব মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
আপনার মতামত লিখুন