কালবৈশাখীর তাণ্ডবে ধ্বংসস্তূপ ঝাঁপা বালিকা বিদ্যালয়-শ্রেণিকক্ষ হারিয়ে গাছতলায় চলছে পাঠদান

শিক্ষা
কালবৈশাখীর তাণ্ডবে ধ্বংসস্তূপ ঝাঁপা বালিকা বিদ্যালয়-শ্রেণিকক্ষ হারিয়ে গাছতলায় চলছে পাঠদান
২১ এপ্রিল ২০২৬, ৯:৪২ এএম

ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয় এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঝড়ের আঘাতে বিদ্যালয়ের দুটি টিনশেড শ্রেণিকক্ষের চাল উড়ে গিয়ে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অথচ চরম অব্যবস্থাপনা ও দ্রুত পুনর্বাসনের উদ্যোগের অভাবে এখনো শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে,যা শিক্ষাব্যবস্থার করুণ চিত্রকে নগ্নভাবে সামনে এনেছে।

‎সরেজমিনে দেখা যায়, দগ্ধ গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেও কোমলমতি শিক্ষার্থীরা বাধ্য হয়ে মাঠের এক কোণে বসে ক্লাস করছে। শ্রেণিকক্ষ সম্পূর্ণ অচল হয়ে পড়লেও দ্রুত মেরামত বা বিকল্প ব্যবস্থা নেওয়ার কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। বিদ্যালয়ের বেঞ্চ, টেবিলসহ শিক্ষা উপকরণও ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান করায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে, কিন্তু পরিস্থিতি নিয়ে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট।

‎স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর অবকাঠামো দুর্বল থাকলেও ঝুঁকি কমাতে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সামান্য প্রাকৃতিক দুর্যোগেই একটি শিক্ষা প্রতিষ্ঠান আজ অচল অবস্থায় পৌঁছে গেছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সীমিত সুবিধায় পরিচালিত হয়ে আসছে। কিন্তু এবারের ঝড়ে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তা স্থানীয়ভাবে পুষিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

‎এমন পরিস্থিতিতে দ্রুত সরকারি হস্তক্ষেপ ছাড়া বিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রমে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল অবিলম্বে জরুরি পুনর্নির্মাণ, সহায়তা এবং নিরাপদ শ্রেণিকক্ষ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

শিক্ষা এর আরও সংবাদ

আরো পড়ুন