নিয়মের তোয়াক্কা না করে এসএসসি পরীক্ষাকেন্দ্রে নৌপুলিশের অনধিকার প্রবেশ
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরুর প্রাক্কালে নিয়ম ভেঙে হলে প্রবেশের অভিযোগ উঠেছে ছরোয়ার নামে এক নৌপুলিশ সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দায়িত্ববহির্ভূতভাবে পোশাকধারী এই সদস্যের কেন্দ্রে প্রবেশ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার হল ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী কেবলমাত্র সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা কেন্দ্রের মূল গেটে নিরাপত্তার দায়িত্বে থাকতে পারেন। হলের অভ্যন্তরে বা বারান্দায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রবেশের অনুমতি নেই। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, নৌপুলিশের সদস্য ছরোয়ার কোনো ডিউটি না থাকা সত্ত্বেও পোশাক পরা অবস্থায় দুই দফায় কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌপুলিশ সদস্য ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমার এক স্বজন অসুস্থ অবস্থায় পরীক্ষা দিচ্ছিল, তাকে দেখতেই আমি ভেতরে গিয়েছিলাম। কাজটি করা আমার ঠিক হয়নি, এটা আমার ভুল হয়েছে।"
এদিকে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "একজন পুলিশ সদস্যের এভাবে অনধিকার চর্চা করার কোনো সুযোগ নেই। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কেবল গেটেই অবস্থান করবেন, ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি নিয়ম লঙ্ঘন করেছেন।"
স্বজনপ্রীতির খাতিরে সরকারি পোশাকের প্রভাব খাটিয়ে সাধারণ নিয়মের বাইরে যাওয়ার এই ঘটনাটি নিয়ে বর্তমানে সংশ্লিষ্ট মহলে নানামুখী আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন