রায়পুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১১: ভিডিও ভাইরাল, এলাকায় আতঙ্ক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের বেপারী বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, সংঘর্ষের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আহতরা হলেন—উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বেপারী (৪৫), তার ভাই কাদির বেপারী (৫০), ভাতিজা রুহুল আমিন বেপারী (৩৮) এবং প্রতিপক্ষ দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হযরত আলী বেপারী (৬৫), তার ছেলে হারুন বেপারী (৩৭), ভাই মান্নান বেপারী (৫০), ভাতিজা রুবেল বেপারী,৩২), ছোট ভাইয়ের স্ত্রী সাহিদা বেগম (৫৫), নাতি হামীম (১৫), নাঈম (১৩) ও পুত্রবধূ ঝর্ণা আক্তার (৩২)। আহতদের মধ্যে ঝর্ণা আক্তারের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে আনোয়ার বেপারী ও হারুন বেপারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আনোয়ার বেপারী গংরা স্থানীয় সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য হারুন গংদের আহ্বান জানালে তারা তাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন