খুলনায় নিখোঁজ হওয়া চার বছরের জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার
শিশু জান্নাতুল মাওয়া
খুলনার হরিণটানা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর চার বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে নগরের হরিণটানা গেট সংলগ্ন খেজুরবাগান এলাকার একটি ঝোপ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত মাওয়া লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন শিশুটির মায়ের ফুফাতো ভাই তোতা মিয়া তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে তিনি আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে মাওয়াকে বাড়ি থেকে নিয়ে যান। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় মাওয়ার মা তোতা মিয়ার মোবাইলে ফোন করলে তিনি জানান, শিশুটি আইসক্রিম খাচ্ছে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। বিকেলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রাত ২টার দিকে অভিযুক্ত তোতা মিয়া শিশুটির বাবার ইমোতে তিনটি ভয়েস রেকর্ড পাঠান। সেখানে তিনি তিন লাখ টাকা দাবি করেন এবং পরে একটি ঝোপে মরদেহ ফেলে রাখার কথা জানান। তথ্যের ভিত্তিতে পুলিশ ও পরিবারের সদস্যরা খেজুরবাগান এলাকা থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত তোতা মিয়ার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এবং তিনি এর আগেও বিভিন্ন অপরাধে কারাভোগ করেছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন