যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
উলশী খাল পুনঃখননসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের রাষ্ট্রীয় সফরে যশোরে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিশেষ বিমানে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা বিভাগে এটিই তার প্রথম সফর, যা ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং এরপর সড়কপথে শার্শার উলশী খালের উদ্দেশ্যে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই সফরের মূল কেন্দ্রবিন্দু শার্শার ঐতিহাসিক উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই খালটি পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন। বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এরপর দুপুরে প্রধানমন্ত্রী যশোর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন:
দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।
দুপুর ১টা ৩৫ মিনিটে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন।
বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোর শহর ও শার্শা উপজেলা ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। স্থানীয়দের মতে, এই সফরের মাধ্যমে যশোরের স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে নতুন গতির সঞ্চার হবে।
মেহেদী হাসান রিপন
আপনার মতামত লিখুন